
নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার ব্যাংকের দুই কর্মকর্তা ও এক কর্মচারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ের এক লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ের সওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আবাদপুকুর শাখার অফিস সহায়ক নওগাঁর রানীনগর উপজেলার অলংকার দির্ঘির গ্রামের আব্দুল মজিদের ছেলে রাসেল বাবু (২২), ওই শাখার লোন কর্মকর্তা ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে সুজন (২৭), আরেক লোন কর্মকর্তা উপজেলার সিলমাদার গ্রামের আব্দুল ওয়াবের ছেলে আবু তালেব (২২), উপজেলার বিশিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে স্বপন (২৮), একই এলাকার ওয়াজেদ আলীর ছেলে হাসান আলী (২৫) এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক রাব্বি আলী।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভুক্তভোগী ক্যাশিয়ার নাজমুল ও অভিযুক্ত অফিস সহায়ক রাসেল বগুড়ার আদিমদিঘী রেলগেট থেকে তাদের মালিক ফিরোজ হোসেনের কাছ থেকে ৩৪ লাখ টাকা নিয়ে আবাদপুকুর বাজারে অফিসের উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেন। ১২টা ৫০ মিনিটের দিকে রানীনগর উপজেলার পারইল বাজার পাড় হয়ে বাংলালিংক টাওয়ার সামনে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল তাদের পথ রোধ করে ও লোহার স্টিক দিয়ে মারধর করে ৩৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। ওইদিন রাতেই জেলা গোয়েন্দা শাখা ও রানীনগর থানা অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করে ও মোটরসাইকেলের মালিক রাব্বিকে গ্রেফতার করা হয়।’
তিনি বলেন, ‘বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা জয়পুরহাট জেলার আক্কেলপুর ও দিনাজপুর জেলায় অভিযান চালিয়ে স্বপন ও হাসানকে গ্রেফতার করে ও তাদের হেফাজত থেকে ডাকাতির এক লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রানীনগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার করা হয়।’
পুলিশ সুপার আরো বলেন, ‘ইসলামী ব্যাংক এজেন্টের রাসেল, সুজন ও আবু তালেব বেশ কয়েক মাস যাবত বিভিন্ন গ্রাহকের টাকা ব্যাংকে জমা না দিয়ে অনলাইন জুয়া খেলে প্রায় সাত থেকে আট লাখ টাকা হেরে যান। তখন তারা এজেন্টের মালিক ফিরোজ হোসেনের টাকা ডাকাতির পরিকল্পনা করেন। একমাস যাবত পরিকল্পনা করে মঙ্গলবার দুপুরে তারা ৩৪ লাখ টাকা ছিনতাই করেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








