
স্থলপথ এবং কাস্পিয়ান সাগর হয়ে ইরানে অস্ত্র আমদানি বন্ধ করার লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি ইউনিট গঠনের ঘোষণার মাধ্যমে ইরানের সামরিক সরবরাহ শৃঙ্খল ভেঙে দেয়ার চেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বর্তমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরান এখন আলোচনায় আবদ্ধ। ইতোমধ্যে আট মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বিশ্ববাজারে ধস নামিয়েছে এবং এর কোনো স্পষ্ট সমাপ্তিও দেখা যাচ্ছে না।
ইরান তার বেশিভাগ অস্ত্র দেশেই উৎপাদন করলেও, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের কারণে সামুদ্রিক বাণিজ্য পথগুলো প্রায় অচল হয়ে পড়ায় দেশটি সামরিক আমদানির জন্য ক্রমশ উত্তর দিকের দেশগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
রাশিয়া ও মধ্য এশিয়ার মাধ্যমে ইরানে অস্ত্র এবং এর যন্ত্রাংশ প্রবেশ করছে, পাশাপাশি চীন থেকেও অস্ত্র বিক্রির ক্রমবর্ধমান প্রমাণ পাওয়া যাচ্ছে। এমনকি ইরানের নিজস্ব তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ব্যবহৃত যন্ত্রাংশগুলোর উৎস খুঁজতে গিয়ে খোদ যুক্তরাষ্ট্রসহ ইরানের বিরোধী দেশগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে।
ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ইউএস সেন্ট্রাল কমান্ডের মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার কর্তৃক উদ্বোধন করা ২০ সদস্যের এই ইউনিটটি কীভাবে কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য খুব কমই জানা গেছে। এই টাস্কফোর্স ইরানের রপ্তানি, বিশেষ করে সবচেয়ে লাভজনক তেল রফতানি আরো কঠোরভাবে বন্ধ করার চেষ্টাও চালাচ্ছে। ইরানের তথাকথিত 'অবৈধ আয়ের উৎস' বন্ধ করার লক্ষ্যে ওয়াশিংটন ইতোমধ্যেই এর ওপর নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করেছে।
ইরান কীভাবে তার অস্ত্র সংগ্রহ করে এবং সেগুলো বন্ধে যুক্তরাষ্ট্রের কৌশল কী—তা নিয়ে বিস্তারিত সব তথ্য নিচে তুলে ধরা হলো।
ইরান কী ধরনের অস্ত্র ব্যবহার করছে?
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ইরানের। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর থেকে ইসরাইল, উপসাগরীয় রাষ্ট্রসমূহ, আঞ্চলিক মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে অবস্থিত জাহাজগুলোতে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আসছে ইরান।
সেজ্জিলসহ ইরানের কিছু ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার (১,২৪০ মাইল) এবং এগুলো কমপক্ষে ৫০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম, যা মধ্যপ্রাচ্যের বেশিভাগ অঞ্চল এবং দক্ষিণ ইউরোপের কিছু অংশকে এর আওতায় নিয়ে এসেছে।
ইরানের অস্ত্রের মজুত ঠিক কতটা, তা জানা না গেলেও চলমান যুদ্ধ এর বিশালতা সম্পর্কে একটি ধারণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং অন্যান্য দেশের মতো ইরানের পারমাণবিক অস্ত্র নেই। তবে দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরেই বিতর্কের উৎস: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা বলছেন, বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ইরানের কাছে রয়েছে, যা একটি সম্ভাব্য অস্ত্র কর্মসূচির ইঙ্গিত দেয়।
তেহরানের কী ধরনের অস্ত্র সরবরাহের প্রয়োজন?
পারমাণবিক কর্মসূচির কারণে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যেই ইরান তার বেশিভাগ অস্ত্র দেশেই উৎপাদন করে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) জ্যেষ্ঠ গবেষক পিটার ওয়েজেম্যান 'মিডল ইস্ট আই'-কে বলেন, 'ইরান জানে যে বছরের পর বছর ধরে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে নিরাপদ অস্ত্র সরবরাহ নিশ্চিত করার সর্বোত্তম উপায় হলো নিজস্ব অস্ত্র শিল্পকে টিকিয়ে রাখা।'
এই দেশীয় শিল্পের মূল মনোযোগ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ওপর, যেগুলোর উন্নয়ন ইরানের অন্যান্য সামরিক প্রযুক্তির (যেমন যুদ্ধবিমান ও স্থল সরঞ্জাম) তুলনায় অনেক এগিয়ে গেছে; যদিও তারা মাঝেমধ্যে আমদানির মাধ্যমে সেগুলোর ঘাটতি পূরণ করে।
কিন্তু তেহরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জন্য মোটর, মাইক্রোচিপ এবং সেমিকন্ডাক্টরের মতো জটিল যন্ত্রাংশ তৈরি করতে অক্ষম, আর তাই তাদের আমদানির দিকে ঝুঁকতে হয়।
'দ্বৈত-ব্যবহারযোগ্য' পণ্য হিসেবে শ্রেণিবদ্ধ এই যন্ত্রাংশগুলো বেসামরিক কাজেও ব্যবহৃত হতে পারে এবং এগুলো কেবল উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ার হাতেগোনা কয়েকটি দেশেই তৈরি হয়।
রাশিয়া কি ইরানের কাছে অস্ত্র বিক্রি করছে?
সোভিয়েত আমলে তেহরান ও মস্কোর পারস্পরিক বিচ্ছিন্নতা এবং ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকে কয়েক দশক ধরে রাশিয়া ইরানের প্রধান অস্ত্র-বাণিজ্যিক অংশীদার।
শুধুমাত্র কাস্পিয়ান সাগর দ্বারা বিচ্ছিন্ন এই দুটি দেশের মধ্যে অস্ত্র বাণিজ্যের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে তেহরান এসব চুক্তির বিষয়ে খোলামেলা কথা বলছে। গত ৩১ অক্টোবর সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, ইরান অনির্দিষ্ট সংখ্যক রুশ সু-৩৫ যুদ্ধবিমান কিনেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর এগুলো সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া এমন প্রমাণও রয়েছে যে, রাশিয়া ২০২৩ সালে ইরানের কাছে ছয়টি ইয়াক-১৩০ জেট বিক্রিতে সম্মত হয়েছিল এবং ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে সরবরাহের শর্তে হাজার হাজার উন্নত কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রিতেও রাজি হয়েছে।
ওয়েজেম্যান জোর দিয়ে বলেন, ইরানের নিজস্ব অস্ত্র উৎপাদনের বিশালতার তুলনায় এই অস্ত্র বিক্রির পরিমাণ খুবই নগণ্য। উদাহরণস্বরূপ, মস্কো ২০২৪ এবং ২০২৫ সালে তেহরানের কাছে হেলিকপ্টারে সংযুক্ত করার উপযোগী ৯০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার বিক্রির ব্যবস্থা করেছিল।
তবে ওয়েজেম্যান বলেন : 'এগুলো মাত্র কয়েকটি তুলনামূলক ছোট ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র যা আপনি একটি অ্যাটাক হেলিকপ্টারে লাগাতে পারেন—যে হেলিকপ্টার ওড়ানোর সাহস ইরান সম্ভবত দেখাবে না এবং যেগুলো ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র বা ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে গিয়ে থাকতে পারে।'
'সুতরাং, এটি যদিও প্রমাণ করে যে ইরান এখনো বিদেশ থেকে কিছু অস্ত্র সংগ্রহ করে, কিন্তু আমরা যা দেখছি তাতে এর সংখ্যা খুবই কম এবং ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে তার তুলনায় এটি কিছুই নয়।'
কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে উল্টো পথেও অস্ত্র গেছে; ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি অস্ত্র ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে ইরানের শাহেদ অ্যাটাক ড্রোন এবং ফাতাহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ২০২২ ও ২০২৩ সালে রাশিয়ার কাছে বিক্রি করা হয়েছিল।
চীন কি তেহরানের কাছে অস্ত্র বিক্রি করে?
ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন দীর্ঘদিন ধরেই ইরানকে অস্ত্র সরবরাহ করে আসছে বলে ধারণা করা হয়। দেশ দুটির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যদিও বেইজিং তেহরানের সাথে সম্পর্কের পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো অঞ্চলের অন্যান্য দেশের সাথেও ভারসাম্য বজায় রেখে চলছে—যে দেশগুলোকে ইরান এই যুদ্ধে লক্ষ্যবস্তু বানিয়েছে।
এই অস্ত্র বিক্রির ঘটনা বর্তমান যুদ্ধের আগের। সরবরাহের বিষয়ে অবহিত এক আরব কর্মকর্তার বরাত দিয়ে ২০২৫ সালের জুলাই মাসে 'মিডল ইস্ট আই' এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল যে, এর আগের মাসে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের পর চীন ইরানকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহ করেছিল।
চলতি যুদ্ধের প্রাক্কালে গত ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যখন ইরানের চারপাশে তার বাহিনী মোতায়েন করছিল, তখন আলোচনার বিষয়ে অবগত ছয়টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায় যে, চীন থেকে ইরান জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তারা 'মিডল ইস্ট আই'-কে আরো জানান যে, চীন তেহরানকে ‘লয়টারিং মিউনিশন’ বা যা কামিকাজে ড্রোন নামে বেশি পরিচিত, তাও পাঠিয়েছে।
এরপর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে ৬ থেকে ৭ কোটি ডলারের এই চুক্তির সাথে পরিচিত তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, হংকং-ভিত্তিক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তেহরান চীনের তৈরি ৪০০টি পর্যন্ত কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চার (ম্যানপ্যাডস) পেতে যাচ্ছে।
এই বিক্রয়গুলোর কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং চীন প্রায়ই এগুলো অস্বীকার করে থাকে, কারণ এতে জড়িত থাকলে ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি থাকে।
ম্যানপ্যাডস বিক্রির খবরের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীন এই যুদ্ধে অংশ নেবে না বলে তাঁকে যে আশ্বাস দিয়েছেন, তার প্রেক্ষাপটে এ চুক্তিটি 'বিস্ময়কর হবে'। তার এই মন্তব্য মার্কিন পররাষ্ট্র দফতরের অবস্থানের সাথে সাংঘর্ষিক বলে মনে হয়েছিল, কারণ ঠিক এক মাস আগে জুনে পররাষ্ট্র দফতর নিজেই ইরানের কাছে চীনা ম্যানপ্যাডস বিক্রির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম—যেমন চিপ তৈরির প্রযুক্তি এবং রকেটের জ্বালানির মূল রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেটের মতো দ্বৈত-ব্যবহারযোগ্য উপাদান—ইরানের কাছে বিক্রির জন্যও যুক্তরাষ্ট্র চীনের সমালোচনা করেছে।
তেহরান ও বেইজিংয়ের সম্পর্কের মূলে রয়েছে ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে চীনের দীর্ঘস্থায়ী ভূমিকা; মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই চীন গোপনে এবং অনেক কম দামে এই তেল কিনে থাকে।
পশ্চিমা-নিয়ন্ত্রিত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকার মাঝে এই তেল বিক্রি তেহরানকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছিল, তবে গত এপ্রিল থেকে ইরানের দক্ষিণ উপকূলে মার্কিন নৌ-অবরোধের কারণে তা কার্যত বন্ধ হয়ে গেছে।
ইরান আর কীভাবে অস্ত্রের যন্ত্রাংশ পাচ্ছে?
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মূল ভিত্তি হিসেবে কাজ করা দ্বৈত-ব্যবহারযোগ্য যন্ত্রাংশগুলো বিভিন্ন দেশ থেকে সংগৃহীত হয়েছে।
সস্তা সার্কিট বোর্ড—যার কিছু যুক্তরাষ্ট্রে তৈরি—সংযুক্ত আরব আমিরাতের মতো ইরানবিরোধী দেশের প্রতিষ্ঠানসহ কয়েক ডজন দেশের মধ্যস্থতাকারীদের একটি জটিল ও অস্বচ্ছ নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা হয়।
ইরানের অস্ত্রশস্ত্রে শনাক্ত হওয়া বা বাণিজ্য তথ্যের মাধ্যমে পাওয়া যন্ত্রাংশগুলোর উৎস হিসেবে জাপান, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের নামও পাওয়া গেছে। চূড়ান্ত ক্রেতা হিসেবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম গোপন রাখতে কয়েক স্তরের মধ্যস্থতাকারী ব্যবহার করে বেসামরিক ব্যবহারের ছদ্মাবরণে এই পণ্যগুলো আমদানি করা হয়।
অন্যান্য ক্ষেত্রে, জটিল সরবরাহ শৃঙ্খল এবং অসম্পূর্ণ শুল্ক তথ্যের কারণে ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং অন্যান্য দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য কীভাবে ইরানে পৌঁছায় তার পূর্ণ চিত্র অস্পষ্ট থেকে যায়।
তবে এমন প্রমাণ রয়েছে যে, ককাসাস অঞ্চল, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার অন্যান্য স্থান থেকে আসা স্থলপথ, আকাশপথ এবং কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে আসা পণ্যবাহী জাহাজগুলো এসব পরিবহনে ভূমিকা রাখছে।
এই বাণিজ্য বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ পর্যন্ত কী করেছে?
ইরানের নৌবন্দরগুলো অবরোধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র সীমান্ত পারাপার ও যান চলাচল নিয়ন্ত্রণ করতে ইরানের সাতটি স্থল সীমান্তবর্তী প্রতিবেশী দেশ—ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের ওপরও চাপ সৃষ্টি করেছে।
নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃত আলোচনার বিষয়ে অবগত কূটনীতিকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ইরাককে ইরানের সাথে তার ১,৬০০ কিলোমিটার সীমান্তে কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছে।
গত মাসে পাকিস্তান দুটি সীমান্ত ক্রসিংয়ে ইরানের সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়ায় দেশটি একই ধরনের চাপের কাছে নতি স্বীকার করেছে বলে মনে হয়েছিল, যার ফলে সড়কপথে পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।
যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ স্থল পরিবহন রুটগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। জুলাই মাসে দেশটি তুর্কমেনিস্তানের সাথে ইরানের সংযোগকারী একটি রেললাইনের ওপর উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের একটি প্রত্যন্ত সেতুতে বোমা হামলা চালায়। তবে ইরান দাবি করে, কয়েক দিন পরই তারা সেতুটি পুনর্নির্মাণ করেছে।
এছাড়া কাস্পিয়ান সাগরে ইসরায়েল গত মার্চে বন্দর আনজালি বন্দরে হামলা চালায়। আর রাশিয়ার যুদ্ধে ভূমিকার কথা উল্লেখ করে ইউক্রেন জুলাই মাসে ইরান ও রাশিয়ার মধ্যে চলাচলকারী একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানে।
ইরানে অস্ত্র বিক্রি বন্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে বাধা কী?
সেমিকন্ডাক্টরের মতো দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যগুলো বহুমুখী কাজে ব্যবহৃত হয়—শিশুদের খেলনা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসেই এগুলো থাকে, ফলে এগুলোর গতিপথ শনাক্ত করা অত্যন্ত কঠিন।
সরবরাহ শৃঙ্খল নিয়ে তদন্তকারী প্রতিষ্ঠান ‘হাইমডাল’-এর প্রধান নির্বাহী ড্যামিয়েন স্প্লিটারস 'মিডল ইস্ট আই'-কে বলেন : 'পণ্যগুলো যখন কয়েক হাত বা মধ্যস্থতাকারীর মধ্য দিয়ে যায়, তখন উৎপাদনকারীদের পক্ষে এর চূড়ান্ত ব্যবহারকারীকে শনাক্ত করা প্রায়ই কঠিন হয়ে পড়ে।'
স্প্লিটারস বলেন, ইরানের প্রতিবেশীদের সহযোগিতা 'তাদের সীমান্ত দিয়ে এই পণ্য পাচার রোধে টাস্কফোর্সটির সাফল্যের মূল চাবিকাঠি হবে।'
কিন্তু মারমারা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মিডল ইস্ট অ্যান্ড ইসলামিক কান্ট্রিজের সহযোগী অধ্যাপক সেরহান আফাকান 'মিডল ইস্ট আই'-কে বলেন, ইরানের সব প্রতিবেশীকে ইরানের সাথে বাণিজ্য বন্ধ করতে রাজি করানোর মতো প্রয়োজনীয় প্রভাব যুক্তরাষ্ট্রের নেই।
তিনি বলেন, 'নতুন এই টাস্কফোর্স কার্যত সেই সব দেশের ওপর মার্কিন চাপ বাড়িয়েছে যারা এই যুদ্ধে ইচ্ছাকৃতভাবে নিরপেক্ষতা বজায় রেখেছে। এই রাষ্ট্রগুলোর সেই অবস্থান ত্যাগ করার তেমন কোনো কারণ নেই, বিশেষ করে যখন তা তেহরানের সাথে তাদের সম্পর্ককে বিপন্ন করতে পারে।'
পাকিস্তানের সাথে ইরানের ব্যাপক বাণিজ্য রয়েছে এবং দেশটি দুই দেশের অরক্ষিত সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ইরানি পেট্রোল ও ডিজেলের ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েছে। ইসলামাবাদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
আফাকান বলেন, 'আয়রন গেট উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করবে।' তিনি আরো যোগ করেন, এর অর্থ হলো ইরানের অর্থনৈতিক বিচ্ছিন্নতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত কোনো অভিযানে সরাসরি জড়িত হওয়া এড়িয়ে চলার পেছনে পাকিস্তানের "জোরালো কারণ" রয়েছে।
ইরাক তার বিদ্যুৎ গ্রিড সচল রাখতে যে গ্যাস ব্যবহার করে, তার বেশিভাগই ইরান থেকে আমদানি করে। তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরে জনঅসন্তোষের কথা বিবেচনা করে ইরাক এ পর্যন্ত দুটি বাদে বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে।
এছাড়া ২০২১ সালে যে তালেবান যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করেছিল এবং যাদের দেশের সীমান্তের ওপর নিয়ন্ত্রণ সীমিত, আফগানিস্তানের সেই তালেবানদেরও রফতানি নিয়ন্ত্রণ কঠোর করতে রাজি করাতে পারবে না ওয়াশিংটন।
ইরানি অস্ত্র পাচারের একটি প্রধান পথ কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি নেই : ২০১৮ সালের একটি চুক্তি অনুযায়ী, এই জলরাশির তীরবর্তী দেশগুলো ছাড়া অন্য কোনো দেশের জন্য এই অঞ্চলে সামরিক অভিযান চালানো নিষিদ্ধ।
আফাকান বলেন, কাস্পিয়ান সাগরের তীরবর্তী অন্যান্য রাষ্ট্রের মতো আজারবাইজানও এই সাগরে পাহারা বসানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
তিনি বলেন, 'ওয়াশিংটনের সাথে সম্পর্ক বজায় রাখার বিষয়ে আজারবাইজানের আগ্রহ রয়েছে, তবে কাস্পিয়ানের প্রতিষ্ঠিত আইনি ব্যবস্থাকে দুর্বল করতে পারে বা অপ্রয়োজনীয়ভাবে ইরানের সাথে সম্পর্ক তিক্ত করতে পারে—এমন পদক্ষেপ এড়িয়ে চলারও জোরালো কারণ তাদের রয়েছে।'
সেখানে সামরিক উপস্থিতি গড়ে তোলার যেকোনো প্রচেষ্টা বিশেষভাবে মস্কোকে ক্ষুব্ধ করবে। ওয়েজেম্যান বলেন : 'রাশিয়া কাস্পিয়ান সাগরকে তার নিজের আঙিনা মনে করে, তাই আমি সত্যিই দেখছি না যে যুক্তরাষ্ট্র সেখানে জাহাজে তল্লাশি চালানোর মতো কোনো অভিযান চালাবে—আর সরাসরি রাশিয়া থেকে আসা জাহাজগুলোতে তো নয়ই।'
এবং আয়রন গেট ইরানের অস্ত্রাগারের উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারবে কি না, তা নিয়েও তিনি সন্দিহান। অস্ত্র সংগ্রহ ঠেকাতে চলমান প্রচেষ্টাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমার মতে, অতিরিক্ত বিশজন কর্মী তেমন কিছু করতে পারবে না।'
আয়রন গেট নিয়ে ইরান, রাশিয়া ও চীন কী বলেছে?
ইরান নতুন এই মার্কিন টাস্কফোর্সকে পাত্তাই দেয়নি। গত ৮ নভেম্বর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, 'আয়রন গেট পরিকল্পনা নিছকই কথার মারপ্যাঁচ।'
যুদ্ধের শুরুতে ওয়াশিংটন দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ধসে পড়ার যে ভবিষ্যদ্বাণী করেছিল তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 'এই পদ্ধতিতে কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানে অর্থনৈতিক ধস নামানোর লক্ষ্য আমেরিকানরা অর্জন করতে পারবে না।'
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ১০ নভেম্বর ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন এবং তার ভাষায়, 'একতরফা মার্কিন পদক্ষেপ এবং তথাকথিত আয়রন গেট পরিকল্পনা কীভাবে মোকাবিলা করা যায়' তা নিয়ে আলোচনা করেন।
গারিবাবাদি পরে আরো বলেন : 'সাধারণ হুমকির মুখে তেহরান ও মস্কো সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে।'
পরদিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র 'ইরানি কর্তৃপক্ষের অবস্থানের প্রতি মস্কোর পূর্ণ সমর্থন' ঘোষণা করেন। নতুন এই মার্কিন টাস্কফোর্স সম্পর্কে মন্ত্রণালয়টি বলেছে, 'উত্তেজনা বৃদ্ধিকারী ও উসকানিমূলক এ সর্বশেষ পদক্ষেপটিকে আমরা আন্তর্জাতিক আইনের রীতিনীতির ভয়াবহ লঙ্ঘন বলে মনে করি।'
যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা নিয়ে চীন কোনো মন্তব্য করেনি।
সূত্র : মিডল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









