প্রিয়াঙ্কা, পরাজয়, রাস্তা, এলইডি, বাতি, বিজেপি,
রাজস্থানে রাস্তার এলইডি বাতি খুলে নিল বিজেপি!। সংগৃহীত
ads

ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থিত প্রিয়াঙ্কা শর্মা হেরে যাওয়ায় ভোটের আগে লাগানো স্ট্রিট লাইটগুলো খুলে নিয়ে যাচ্ছে তাদের অনুসারীরা। এমনটি অভিযোগ করেছেন গ্রামের অধিবাসীরা।

ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই টঙ্ক জেলার বেশ কয়েকটি গ্রামে লাগানো স্ট্রিট লাইট খুলে নেয়ার ঘটনায় তীব্র বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জয়পুর বিদ্যুৎ নিগম লিমিটেডের একটি দল গ্রামগুলোতে পৌঁছে বিদ্যুৎ সংযোগটিকে অবৈধ আখ্যা দিয়ে প্রায় ১০টি খুঁটি থেকে লাইট খুলে নেয়। তবে গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনে সংশ্লিষ্ট প্রার্থী পরাজিত হওয়ার প্রতিশোধ নিতেই লাইটগুলো খুলে নেওয়া হয়েছে।

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বড় জয় নথিভুক্ত করেছে কংগ্রেস। এরই মাঝে ফলাফল প্রকাশের পর টঙ্ক জেলার গ্রামগুলোতে এই অদ্ভুত ঘটনা ঘটে। 

ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রানোলি গ্রাম পঞ্চায়েতের কুমহারোঁ কি ঢানি, হানিফগঞ্জ এবং বেগমপুরার মতো গ্রামগুলোতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট লাগানো হয়েছিল।

পরাজয়ের জেরে লাইট খুলে নেয়ার অভিযোগ গ্রামবাসীদের

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিওয়াইয়ের বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী (পিএ) অলোক শর্মার কথায় এই স্ট্রিট লাইটগুলো লাগানো হয়েছিল। অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা এবার পঞ্চায়েত সমিতির সদস্য পদে নির্বাচন লড়েছিলেন, কিন্তু তিনি পরাজিত হন। 
ফলাফল ঘোষণার পরপরই স্ট্রিট লাইটগুলো খুলে নেয়া শুরু হলে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, প্রিয়াঙ্কা শর্মা পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার কারণেই লাইটগুলো খুলে নেয়া হয়েছে।

প্রতিবেদন অনুসারে, জয়পুর বিদ্যুৎ নিগম লিমিটেডের একটি দল গ্রামগুলোতে পৌঁছে বিদ্যুৎ সংযোগটিকে অবৈধ বলে লাইটগুলো খুলে নেয়। এরপর গ্রামে প্রতিবাদ শুরু হয়। যদিও ততক্ষণে দলটি প্রায় ১০টি খুঁটি থেকে লাইট খুলে ফেলেছিল। তবে পরবর্তীতে গ্রামের সরপঞ্চরা (পঞ্চায়েত প্রধান) বিদ্যুৎ বিল পরিশোধ করার আশ্বাস দিলে বাকি ৪০টি খুঁটির লাইট আর খোলা হয়নি।

‘অবৈধভাবে লাগানো হয়েছিল লাইটগুলো, তাই খুলে নেয়া হয়েছে’

বিদ্যুৎ নিগম লিমিটেড এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং বিষয়টি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে হস্তান্তর করেছে। কর্মকর্তাদের বক্তব্য, লাইটগুলো অবৈধভাবে লাগানো হয়েছিল।

এ বিষয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিআর মীনা বলেন, ‘দলটি গ্রামগুলোতে বিদ্যুৎ মেরামতের কাজে যাচ্ছিল, তখনই তারা সেখানে অবৈধভাবে লাগানো লাইটগুলো দেখতে পায় এবং এরপর সেগুলো খুলে ফেলা হয়।’

অন্যদিকে, বিধায়ক রামসহায় বর্মা স্ট্রিট লাইট খুলে নেয়ার পেছনে প্রিয়াঙ্কা শর্মার পরাজয়ের কারণ থাকার দাবিগুলো নাকচ করে দিয়েছেন।

রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি

উল্লেখ্য, রাজস্থানের ক্ষমতাসীন বিজেপি পৌরসভা নির্বাচনে তাদের দারুণ পারফরম্যান্স গ্রামীণ এলাকায় ধরে রাখতে পারেনি। পঞ্চায়েতি রাজ নির্বাচনে কংগ্রেসের কাছে তাদের পিছিয়ে পড়াকে গ্রামীণ অঞ্চলে বিজেপির জনসমর্থন কমার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার রাজ্যের ৩৭টি জেলায় জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে কংগ্রেস বিজেপিকে পেছনে ফেলে দিয়েছে।

মন্ত্রীদের পরিবারে কেমন ছিল ফলাফল?

এই নির্বাচনে নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী ঝাবর সিং খররার পরিবারের সদস্যরা হেরে গেছেন। তবে বিজেপির প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র রাঠোরের ছেলে ও পুত্রবধূ জয়ী হয়েছেন।

ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, সব মিলিয়ে রাজ্য সরকারের ১৭ জন মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের ৩ জন মন্ত্রী এই নির্বাচনে তাদের রাজনৈতিক প্রভাব দেখাতে ব্যর্থ হয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়ার দুদু বিধানসভা কেন্দ্র, স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসারের লোহাওয়াট বিধানসভা কেন্দ্র এবং কৃষিমন্ত্রী কিরোড়ি লাল মীনার সওয়াই মাধোপুর এলাকায় ক্ষমতাসীন দলকে হারের মুখ দেখতে হয়েছে। 

এ থেকে স্পষ্ট হয় যে, বড় নেতাদের প্রভাব সব সময় তৃণমূল পর্যায়ে নির্বাচনী সমর্থনে রূপান্তরিত হয় না।

সূত্র : ইন্ডিয়া টুডে