শুরু হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ চলাচল
শুরু হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ চলাচল। সংগৃহীত
ads

বৈরী আবহাওয়া ও উত্তাল বঙ্গোপসাগরের কারণে টানা তিন দিন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অনিশ্চয়তা, বাড়তি হোটেল ভাড়া, খাবারের খরচ ও জরুরি কাজে বাড়ি ফিরতে না পারায় দুর্ভোগে পড়েন তারা। অবশেষে দুই দফায় ট্রলার ও জাহাজের মাধ্যমে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাঁচটি পর্যটকবাহী জাহাজে করে প্রায় ৯০০ আটকে পড়া পর্যটক কক্সবাজারের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেন।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে নিয়মিত জাহাজ চলাচল বন্ধ থাকায় শনিবার (২১ নভেম্বর) সকালে দ্বীপে আটকে পড়া পর্যটকদের একটি অংশকে সার্ভিস ট্রলারে করে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়। এদিন ২৪টি সার্ভিস ট্রলারে করে প্রায় এক হাজার ৩০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে যান।

তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীও ছিলেন।

টানা তিন দিন বন্ধ থাকার পর রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পাঁচটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এসব জাহাজে এক হাজার ৮৭০ জন নতুন পর্যটক সেন্টমার্টিন যান।

একইদিন বিকেলে দ্বীপে আটকে থাকা প্রায় ৯০০ পর্যটককে নিয়ে জাহাজগুলো কক্সবাজারের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল শুরু হয়েছে। আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল জানান, আবহাওয়া অধিদফতরের নির্দেশনা পাওয়ার পর আজ রোববার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

এর আগে, গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চসহ কয়েকটি জাহাজে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যান।

পরদিন ১৯ নভেম্বর থেকে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল পরিস্থিতির কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ আটকা পড়েন।

এদিকে দ্বীপে আটকে থাকা পর্যটকদের একাংশের অভিযোগ, অতিরিক্ত অবস্থানের কারণে হোটেল ভাড়া ও খাবারের খরচ বেড়ে যায়। কোথাও ২০ টাকার ডিম ৫০ টাকায় বিক্রির অভিযোগও ওঠে।

অনেক পর্যটক অভিযোগ করেন, জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর তাদের বাড়তি খরচ বহন করতে হয়েছে। কারো কারো ভ্রমণের বাজেট শেষ হয়ে যাওয়ায় ট্রলারে করে ঝুঁকি নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে স্থানীয় কিছু হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ পর্যটকদের আবাসন ভাড়ায় ছাড় ও বিনামূল্যে থাকার ব্যবস্থাও করেছে বলে জানা গেছে।