
খুলনা মহানগরীর ডিসি অফিসের সামনে গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে শেখ আবেদ আলী নামের ওই চেয়ারম্যানকে আটক করে মারধর করা হয়। পরে তাকে খুলনা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবেদ আলী কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, গোপালগঞ্জ সদর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশ সোপর্দ করেছেন। রোববার দুপুরে ডিসি অফিস এলাকায় এ ঘটনা ঘটে। তাকে থানায় রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









