
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘নগরবাসীর চলাচল সহজ করা এবং নাগরিকসেবা আরো উন্নত করতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করা হচ্ছে। পরিকল্পিত নগরায়ণের জন্য প্রয়োজনীয় জায়গা নিশ্চিত করতে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সরু হওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে। একইসাথে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।’
বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া ও সবুজবাগ এলাকা পরিদর্শন ও সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
সিসিক প্রশাসক বলেন, ‘আমরা শুধু একটি সড়ক সম্প্রসারণ করছি না; এর সাথে এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা উন্নত করার বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে। উন্নয়নকাজ বাস্তবায়নে এলাকাবাসী সহযোগিতা করলে পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে।’
এ সময় তিনি সাদারপাড়া ৪ নম্বর সড়কের সম্প্রসারণ ও ড্রেন উন্নয়নকাজ পরিদর্শন করেন। সড়ক সম্প্রসারণের জন্য যারা স্বেচ্ছায় নিজেদের ভূমি দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিসিক প্রশাসক বলেন, ‘নগর উন্নয়নের স্বার্থে নিজেদের জায়গা স্বেচ্ছায় দিয়ে যারা সহযোগিতা করেছেন, তারা প্রশংসার দাবিদার। তাদের এই সহযোগিতা এলাকার মানুষের চলাচল সহজ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুন্দর ও পরিকল্পিত পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।’
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন।
পরে সিসিক প্রশাসক ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বায়তুন নূর কলাপাড়া মসজিদ কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকসুবিধা নিয়ে তাদের কথা শোনেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, প্রকৌশলী সুমন চন্দ্র দে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, মুরুব্বি সাইদুর রহমান, জালাল উদ্দিন শামীম, আবুল কালাম আজাদ, নাসিরুদ্দিন রব, কালা মিয়া, মুক্তার রাফি, ফারুখ মিয়া, আমিন মিয়া সোহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








