গ্রেফতার
গ্রেফতার দুইজন। নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে উপজেলা যুবদলের এক নেতাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার দু’জন হলেন—উপজেলা সদরের জালিয়াবাড়ি এলাকার মরহুম বাবুল হাওলাদারের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: জুবায়ের আল হাসান রাসেল এবং দক্ষিণ মনোহরপুর এলাকার মরহুম আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে মো: কামাল হোসেন নয়ন (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাসেল ও নয়নকে আটক করে তল্লাশি চালিয়ে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘গ্রেফতার দু’জনকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।’

অপরদিকে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: জুবায়ের আল হাসান রাসেলকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটি  বুধবার এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, আইন শৃঙ্খলা ও সাংগঠনিক পরিপন্থী কাজের সাথে জড়িত থাকায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: জুবায়ের আল হাসান রাসেলকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।