মাদক
পুলিশ সুপারের কার্যালয়। নয়া দিগন্ত

নীলফামারীতে মাদক মামলার আসামি মো: সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে জড়ো হন একাধিক ব্যক্তি। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে। 

Advertisement

শনিবার (৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। 

আসামি সুজন ডিমলা উপজেলার খগাখরিবাড়ি পূর্ব দোহোল পাড়া নুরুর ইসলাম মেম্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় কয়েকজনকে আটক করে নীলফামারী সদর থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ডিমলা উপজেলার পূর্ব দোহলপাড়া এলাকার মো: সুজন ইসলামের (৩৪) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, ‘মাদক মামলার আসামি সুজনকে মুক্ত করার দাবিতে কিছু ব্যক্তি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে কয়েকজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’