মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। সংগৃহীত

গাজীপুর মহানগরে পৃথক দু’টি স্থানে পোশাক কারখানা ও গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে গাছা থানার ডেগেরচালা ও টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় এসব আগুন লাগার ঘটনা ঘটে।

Advertisement

গাছায় মেট্রিক্স গার্মেন্টসের আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলেও ফেব্রিক্সের গুদাম হওয়ায় ফায়ার সার্ভিসকে আগুন পুরোপুরি নেভাতে আরো কাজ করতে হয়। অন্যদিকে, বন্ধ গোডাউনে আগুন লাগায় পাগাড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।

বিকেল ৩টার দিকে ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় কোনাবাড়ির একটি, গাজীপুরের তিনটি ও রাজেন্দ্রপুরের দু’টি ইউনিট যোগ দেয়। নয়টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, গুদামে বিপুল ফেব্রিক্স থাকায় আগুন সম্পূর্ণ নির্বাপণে সময় লাগছে। ফেব্রিক্স সরিয়ে সরিয়ে ভেতরে কাজ করতে হচ্ছে।

এদিকে বিকেল ৪টার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি বন্ধ গোডাউনে আগুন লাগে। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন অফিসার শাহীন আলম জানান, গোডাউন বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ঘটনার সময় মালিককেও পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।