
যশোরের জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ উপলক্ষে জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে গাছ তোলা কার্যক্রমের উদ্বোধন ও গাছি সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন। তিনি তার বক্তব্যে বলেন, চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার খেজুর গাছ রয়েছে যা থেকে রস সংগ্রহ করা যায়। একটা খেজুর গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। ওই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব।
তিনি আরো বলেন, সেই হিসাবে চৌগাছা উপজেলায় প্রতি মৌসুমে প্রায় নয় কোটি টাকার খেজুর গুড় উৎপাদন হয়ে থাকে। এছাড়া সমগ্র যশোর জেলায় চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদন হবে।
প্রধান অতিথি ডিসি মোহাম্মদ আশেক হাসান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী চৌগাছার খেজুর গুড় উৎপাদনের ব্যাপারে খোঁজখবর রাখছেন। এছাড়া কৃষিমন্ত্রী চৌগাছা উপজেলাকে বিশেষ কৃষি অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন।
তিনি আরো বলেন, সরকার চলতি মৌসুম থেকে খেজুর গুড় বিদেশে রফতানি করার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবে। একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে চলতি মৌসুমেই বিদেশে রফতানি করার উদ্যোগ গ্রহণ করেছেন।
অনুষ্ঠান শেষে গাছিদের মাঝে প্রণোদনা তুলে দেন জেলা প্রশাসক। প্রণোদনার মধ্যে ছিল খেজুর গাছের চারা, গাছ কাটার দা, রস সংগ্রহের ভাড় (পাত্র) ইত্যাদি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা সমাজসেবা অফিসার মেসবাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








