লাশ উদ্ধার
মৃত মো: কিরণ মিয়া (৪০)। নয়া দিগন্ত

কুমিল্লা নগরীর একটি ভবন থেকে মো: কিরণ মিয়া (৪০) নামে এক রংমিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

কুমিল্লা হাউজিং অ্যাস্টেটের ১ নম্বর সেকশনের জনতা ব্যাংক নামে পরিচিত ভবনের ক্যাপসুল লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার কপাল ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কিরণ মিয়া কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার বাসিন্দা সুন্দর আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কিরণ মিয়া ওই ভবনে রঙের কাজ করতে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করছিলেন। সন্ধ্যার দিকে কুমিল্লা সদর উপজেলা পরিষদের সামনে, কেটিসিসির বিপরীতে অবস্থিত ওই ভবনেও তাকে খোঁজা শুরু হয়। এ সময় ভবনের লিফটও পরীক্ষা করা হচ্ছিল। একপর্যায়ে লিফটের মেকানিক রেডজিটেক লিমিটেডের কর্মচারী রাজু ঘটনাস্থলে গিয়ে লিফট খুললে নিচে কিরণ মিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ভবনের মালিক খোরশেদ আলম বলেন, ‘আমরা সারাদিন খুঁজেও তাকে পাইনি। পরে ধারণা করি, তিনি হয়তো এখানে থাকতে পারেন। এরপর লিফটের নিচে খোঁজ করে লাশ পাওয়া যায়।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ভবনের বাসিন্দা ও পরিবারের সদস্যদের বক্তব্য নেয়া হয়েছে। সিসিটিভির ফুটেজও দেখা হচ্ছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’