
‘আমাদের জোর করে নেয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের এজলাসে নেয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে এ মামলার আসামিদের হাজির করা হয়।
এদিন একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয়। এরপর প্রথমে হুইলচেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এজলাসে নেয়া হয়। পরে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে এজলাসে নেয়া হয়। এরপর পর্যায়ক্রমে অন্য আসামিদের নেয়া হয়।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় আসামিদের হাতে হাতকড়া, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কিছুটা জোরাজুরি করতে দেখা যায়। তবে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ছিলেন একেবারে নীরব। কোনো কথা না বলে তিনি এজলাসে প্রবেশ করেন। এর আগে গত ১২ নভেম্বর তাকে কথা বলতে দেখা গিয়েছিল।
আসামিদের ট্রাইব্যুনালে আনা ও এজলাসে নেয়ার সময় আগের মতোই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং সামনে পুলিশ সদস্যরা অবস্থান নেন।
শাপলা চত্বরের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতার ১১ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ৩০ আসামি পলাতক রয়েছেন।
এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম। ওই দিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় আজ (সোমবার) আসামিপক্ষের শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলায় আসামিদের বিরুদ্ধে দুইটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এসব অভিযোগের ভিত্তিতেই ৪১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








