
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীর তীব্র ভাঙন রোধ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তেলকাড়া, করগাতি ও রায়পাশা এলাকার নদীপাড়ে স্থানীয় কয়েক শ’ মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১০ নম্বর কোটাকোল ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে মধুমতি নদীর ভয়াবহ ভাঙনে কোটাকোল ইউনিয়নের বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে তেলকাড়া, করগাতি ও রায়পাশা এলাকায় নদীভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়ে শত শত পরিবার আশ্রয়হীন হয়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় ক্ষতিগ্রস্ত ছত্তার মোল্লা, ইসলাম ফকির, আলিম মোল্লা, হাই মোল্লা, রসুল মোল্লাসহ আরো অনেকের ঘরবাড়ি ইতোমধ্যে নদীতে ধসে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলেই এই ভাঙন রূপ নিয়েছে মারমুখী। এতে তেলকাড়া কারিকারপাড়া মসজিদ ও নতুন বাড়ি মসজিদ ইতোমধ্যে নদীতে তলিয়ে গেছে। বর্তমানে তেলকাড়া শেখপাড়া, সিকদারপাড়া ও পশ্চিমপাড়া জামে মসজিদসহ করগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রের সড়ক ভাঙনের মুখে পড়েছে। পাশের বড়দিয়া এলাকাতেও নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।
কর্মসূচি শেষে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।








