
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিনসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপনির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি। সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।’
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি পদ থেকে পদত্যাগ করায় শূন্য ঘোষণা করা হয় ঠাকুরগাঁও-১ আসন।
এ উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের পাশাপাশি মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
এ নিয়ে বিএনপির পক্ষ থেকে দুইজন মনোনয়ন দাখিল করলেন।
রোববার বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মনোনয়ন দাখিল করেন ওবায়দুল্লাহ মাসুদ।
মনোনয়নপত্র দাখিলের পর মির্জা ফয়সল আমিন বলেন, ‘ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আমাকেই নির্বাচিত করবে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।’ নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
মনোনয়ন দাখিল করা বিএনপির আরেক প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে তিনজন আবেদন করেছিলাম। পরে দল থেকে দুজনকে মনোনয়ন দেয়া হয়েছে। তাদের একজন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং অন্যজন আমি।’
দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি দেয়া হবে। বিএনপি যাকে ধানের শীষ প্রতীক দেবে, তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবেন- এমনটাই জানালেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
এ উপনির্বাচনে আরো মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা: মো: খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো: আব্দুল আলীম নিজামি ও বাংলাদেশ কংগ্রেস পার্টির হোসেন মোহাম্মদ ওমর ফারুক মনোনয়ন দাখিল করেছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ অক্টোবর।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, নব গঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত। আর এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এই আসনে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথ বা ভোটকক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা।
সূত্র : বাসস








