
ফেনীর ছাগলনাইয়া আবদুল হক (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশার ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা গ্রামের মরহুম ওসমান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে পাঠাননগর বাজারে যাওয়ার কথা বলে আবদুল হকের ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পরে বাংলাবাজারের পাশের সড়কে পৌঁছালে অটোরিকশা থামিয়ে তাকে কুপিয়ে আহত করে অটোরিকশাটি নেয় পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, পথচারীরা আহত আবদুল হককে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যাত্রীবেশে আসা দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম মেম্বার জানান, কয়েক মাস আগে আবদুল হক কিস্তিতে ব্যাটারিচালিত অটোরিকশাটি কিনেছিলেন। নিজেই সেটি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








