
বরগুনার পাথরঘাটায় গত ২৪ ঘণ্টায় মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পাথরঘাটা থানার ওসি মো: আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত পাথরঘাটা উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, আটক ৪০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় সেগুলো জব্দ করে রাখা হয়েছে।
ওসি আব্দুল আলিম বলেন, ‘মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে ১৫ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। তরুণদের অপরাধ ও অনলাইন জুয়ার আসক্তি থেকে রক্ষা করতে পুলিশ তৎপর রয়েছে।’
এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি আরো বলেন, ‘এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে পুলিশকে জানান। পুলিশ অপরাধ দমনে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








