কালিয়া থানা
কালিয়া থানা। সংগৃহীত

নড়াইলের কালিয়ায় মাদক সেবনে বাধা দেয়ার অভিযোগে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাসিব মোল্যা (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। অভিযুক্ত হাসিব কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।  

ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, মাদক সেবনে বাধা দেয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাসেদ মোল্যার সাথে তার বংশীয় হাসিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি সদস্য কাসেদকে কিল-ঘুষি মারেন। 

এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যান। এ সময় ভুক্তভোগী কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে কাসেদের গায়ে হাতর তোলার বিষয়ে জানতে চান। এ সময় হাসিব হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূরকে কোপাতে শুরু করেন। এর মধ্যে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে গেলে তার মৃত্যু হয়। আহত নূরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য কাসেদ বলেন, ‘হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদক সেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এরপর ধারালো ছুরিকাঘাতে মানসুর ও নূরকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। নিহত মানসুরের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।‘

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’