সংক্ষিপ্ত সংবাদ


লক্ষ্মীপুরে মেধাবী সংবর্ধনা
লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে ৮ নং দক্ষিণ চরবংশী উন্নয়ন ফোরামের উদ্যোগে চরবংশী এলকেএইচ উপকূল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাস্টার লুৎফর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. রেজাউল করিম এবং প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা আমির মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফজলুল করিম, মাওলানা হোসাইন, প্রধান শিক্ষক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

শ্রীমাই খাল থেকে লাশ উদ্ধার
চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে একটি সেতুর পাশে পানিতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পটিয়া থানা-পুলিশ খাল থেকে লাশটি ডাঙ্গায় তুলে আনে। পটিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। তবে তার শরীরে কোনো পরিচয়ের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। পুলিশ পরিদর্শক জানান, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই এটি হত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি এ সংক্রান্ত যাবতীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা।

শ্রীপুরে স্বামীকে গলা কেটে হত্যা
মাগুরার শ্রীপুর উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী রাব্বি মণ্ডলকে (৩৫) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের নজরুল মণ্ডলের ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের অভিযুক্ত স্ত্রী ফারজানা বেগমকে (২৭) ঘটনাস্থল থেকেই আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধের জের ধরে রাতে ফারজানা ধারালো অস্ত্র দিয়ে রাব্বির ওপর হামলা চালায় এবং গলা কেটে হত্যা করে। শ্রীপুর থানার ওসি মো: ওলি জানান, প্রাথমিক সত্যতা পেয়ে ফারজানাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এটি নিছক পারিবারিক বিরোধ নাকি পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা।

দুর্বৃত্তের আগুনে পুড়ল গোয়ালঘর
পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃত শাহ আলম আকনের গোয়ালঘর ও কবুতরের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার লেবুখালী ইউনিয়নে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। অগ্নিকাণ্ডে গোয়ালঘর, কবুতরের বাসাসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। মৃত শাহ আলম আকনের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম তুহিন অভিযোগ করে বলেন, তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। দুমকি থানার ওসি মো: সেলিম উদ্দীন জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা।

বিনামূল্যে ৫০০ রোগীকে চিকিৎসা
চট্টগ্রামের আনোয়ারায় উপকূলীয় এলাকার ৫০০ জন হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার আনোয়ারার গহিরা মোহাম্মাদীয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে নীডি ফাউন্ডেশন ও ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ শাখার যৌথ উদ্যোগে এ দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এ ছাড়া জাকাত ফান্ড থেকে ৯০ জন দরিদ্রকে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। স্বাস্থ্য শিবিরে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, চক্ষু ও দন্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের সহকারী সুপারিনটেন্ডেন্ট আবদুল আজিজ রিয়াদ, নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম খান, সম্পাদক আজম কুতুবী। বক্তারা বলেন, উপকূলীয় দুর্গম এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা।

ধানক্ষেতে মিলল নারীর লাশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকায় একটি ধানক্ষেতের পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা মাছ ধরার ফাঁদ তুলতে গিয়ে ক্ষেতে লাশটি দেখেন। নিহত হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী এবং স্থানীয় বাজারে একটি কনফেকশনারি দোকানের মালিক ছিলেন। জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা। স্বামীকে রাতের খাবার দিয়ে তিনি পাশের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে বের হন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে তার লাশ দেখা যায়। দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং রহস্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা।

‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব
বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও পত্রিকার সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো: ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, ওসি মিজানুর রহমান মুকুল, বিএনপি নেতা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আলহাজ আবুল হোসেন মিয়া, অধ্যক্ষ ড. হারিস মিজান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং এলাকার সংস্কৃতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ‘গৌরনদী পরিক্রমা’ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার মানুষের প্রধান মুখপত্র হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা।