কালীগঞ্জে মাদকে ঝুঁকছে নারী ও শিক্ষার্থীরা

 কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে মাদকের হাত বদলে যুক্ত হয়েছে নারী ও শিক্ষার্থীরা, যা অভিভাবকদের নতুন করে উদ্বিগ্ন করে তুলছে। ফেনসিডিল, ইয়াবা বা গাঁজার পাশাপাশি এখন স্থান করে নিয়েছে বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট, সিরাপ ও ক্ষতিকর ইনজেকশন। এসব অবৈধ কিছু ফার্মেসি থেকে এসব সংগ্রহ করছে স্কুল পড়–য়া তরুণ-তরুণীরা। 
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও স্থানীয়দের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এ ছাড়া মাদক সেবন ও সরবরাহের ঘটনা সামাজিক ও নিরাপত্তা ঝুঁঁকি তৈরি করছে। সম্প্রতি কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতারা ও জেলা প্রশাসন এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ভৌগোলিক দিক থেকে কালীগঞ্জ বেশ সংবেদনশীল। এর চারপাশে নরসিংদীর পলাশ, কাপাসিয়া, শ্রীপুর, রূপগঞ্জ এবং ঢাকার পূর্বাচল ও টঙ্গীর সীমান্ত অবস্থিত। শীতলক্ষ্যা নদী ও সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করা এসব মাদকের চোরাচালান কেবল মূল পয়েন্টে সীমাবদ্ধ থাকছে না। নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামেও। সম্প্রতি রাজধানীর বনানী এলাকায় তিন হাজার পিস ইয়াবাসহ কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের বিএনপি-সমর্থিত নেতা জয়নাল আবেদীন মিন্টুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ মাদক এ এলাকায় সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।