
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে মাছ শিকারের সময় সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে সাগরে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে আট দিন ধরে বোটটি সাগরে ভাসছিল। গত বৃহস্পতিবার বিকেলে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে মালিকের সাথে যোগাযোগ করে বিষয়টি জানান। বোটের মালিক তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে সহায়তার আবেদন করেন।
খবর পেয়ে কোস্টগার্ডের স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে সাগরের বিপজ্জনক এলাকা থেকে বোটসহ আট জেলেকে উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেয়া হয়।








