
পিরোজপুরের নেছারাবাদে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো: এলাহি আজাদ (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আজাদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর কোম্পানির একটি নৈশ টহল দল পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালায়। এসআরবি উপস্থিতি টের পেয়ে আজাদ সেখানে থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৮-এর বরিশালের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো: শাহরিয়ার রিফাত অভি জানান, উদ্ধার আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-৮-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’








