
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতের অদূর থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, টেকনাফ উপকূলে সম্প্রতি রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে তারা থাকতে পারেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার ইনানীর অদূরে মনখালী ও মাদারবনিয়া পয়েন্ট থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইনানী সমুদ্র সৈকতের অদূরে মনখালী সমুদ্রপাড় থেকে দুইটি এবং কিছুটা দূরে মাদারবনিয়া পয়েন্ট থেকে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গত সোমবার মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় একটি ট্রলারডুবির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় দুইজনের লাশ ও ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। আরো কয়েকজন নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া তিনটি লাশ ওই নিখোঁজদের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরো জানান, উদ্ধার করা লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তসহ পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








