
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের দুধ পানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসক জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, দুপুরে খেলাধুলা শেষে বিদ্যালয় থেকে দেয়া দুধ পান করার পর তাদের পেটব্যথা ও বমি শুরু হয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন বলেন, দুধ খাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী স্বাদ টক লাগার কথা জানায়। পরে প্যাকেট খুলে দেখা যায়, দুধ দইয়ের মতো জমে গেছে। নিষেধ করার আগেই অনেকে দুধ পান করে ফেলে।
প্রধান শিক্ষক সাফি চৌধুরী বলেন, প্যাকেটের গায়ে মেয়াদ ঠিক থাকলেও ভেতরের দুধ নষ্ট হওয়ার বিষয়টি বাইরে থেকে বোঝার উপায় ছিল না। তিনি ঘটনার তদন্ত দাবি করেন।
উপজেলায় দুধ সরবরাহকারী প্রতিনিধি আবু হেলাল বলেন, আরডি কোম্পানির দুধ সরবরাহ করা হয়। নষ্ট বা ফাটা দুধ না পানের জন্য শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসহ বিষয়টি তদারকি করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নিশাত রায় বলেন, পেটব্যথা ও বমির উপসর্গ নিয়ে শিক্ষার্থীরা হাসপাতালে আসে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।








