রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে চলাচলকারী ফেরি
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে চলাচলকারী ফেরি নয়া দিগন্ত

দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।

ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) রবিউল ইসলাম বলেন, পদ্মায় পানি বৃদ্ধিতে নদীতে তীব্র স্রোতের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। 

এর আগে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন এ রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকরা।

ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এই নৌরুটে দু’টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি প্রায় দুই থেকে তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। অন্য ফেরিটিও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ সময় ধরে নৌরুটটিতে ফেরি চলাচল বন্ধ থাকে।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এতে সময় ও খরচ দুটোই বেশি লেগেছে।

এদিকে দীর্ঘ ১৬ দিন পর ফেরি চলাচল শুরু হওয়ায় এ রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।