
সিলেটে আবারো মৃত্যুহীন এক দিন অতিবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরো ১৬৮ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ভর্তি রয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৯৩ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬২ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, বিয়ানীবাজারে তিনজন, গোলাপগঞ্জে চারজন, ফেঞ্চুগঞ্জে দু’জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন, ধর্মপাশায় একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে কোনো মৃত্যু না হওয়ায় চলতি বছরে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৭২ জনে অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৬২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৬৭ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ১৫ জন ও সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।








