
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে পাঁচ মাস পর পুনরায় ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বন্দর দুটির আমদানি কার্যক্রম চালু হয়।
আমদানি শুরু হওয়ায়, দীর্ঘদিন কর্মহীন থাকা বন্দর শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে কেবল আনুষ্ঠানিকতা নয়, নিয়মিত কয়লা আমদানি নিশ্চিত করা না গেলে ব্যবসায়িক স্থবিরতা কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বন্দর সূত্রে জানা যায়, গত ২৭ জুন থেকে গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি পুরোপুরি বন্ধ ছিল। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে এ দুই বন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়। যা থেকে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট আদায় করে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক ও বন্দরের সাথে জড়িত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হন। বন্দর দুটি দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির অনুমোদন থাকলেও বাস্তবে কেবল কয়লার ওপরই নির্ভরশীল হয়ে আছে পুরো কার্যক্রম।
স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো: হামিদুর রহমান বলেন, ‘২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে মাত্র একটি পণ্য কয়লা আমদানি হচ্ছে। এতে বন্দর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্দর সবসময় সচল থাকলে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি শ্রমিক ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন।’
স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম জানান, আগে নিয়মিত কয়লা আসায় দিন শেষে ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত এবং বন্দরে প্রাণচাঞ্চল্য থাকত। কিন্তু ২০১৫ সাল থেকে আমদানির সেই ধারাবাহিকতা নষ্ট হয়েছে। একদিন কয়লা এলে পরদিনই বন্ধ থাকে। নিয়মিত আমদানি হলে সরকার ও ব্যবসায়ী উভয়েই লাভবান হবেন।
কড়ইতলি ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, ‘পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর চালু হলেও ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত মাত্র দুই-তিনজন কয়লা পেয়েছেন। শ্রমিকরাও দীর্ঘদিন কাজের অপেক্ষায় ছিলেন। আমদানি শুরু হওয়ায় বন্দরে আবার কর্মচাঞ্চল্য ফিরতে শুরু হয়েছে।’
বন্দরের শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, ‘কাজ বন্ধ থাকলে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে। বর্তমানে কাজ শুরু হওয়ায় আমরা সবাই খুশি।’
সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের প্রত্যাশা, কয়লা আমদানি যেন নিয়মিত চালু থাকে। পাশাপাশি, অনুমোদিত অন্যান্য পণ্য আমদানির সুযোগ কাজে লাগানো গেলে গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর ঘিরে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









