নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)। সংগৃহীত
ads

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্বাচনকে সামনে রেখে পাঁচটি ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ এবং ভোটার সংখ্যার তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো: রশিদ মিয়া স্বাক্ষরিত এ চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের জন্য পাঁচটি ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য প্রয়োজন। ওই তথ্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারের কাছ থেকে সংগ্রহপূর্বক আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

সম্প্রতি পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় চার হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার এক হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। বাসস