
গাজা উপত্যকায় মেনিনজাইটিস বা মস্তিষ্কের আবরণীর প্রদাহজনিত রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এ বছর এ রোগে ১৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুরো গাজা উপত্যকায় ‘মহামারি সতর্কতা’ জারি করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু মঙ্গলবার (২৪ নভেম্বর) এ খবর জানায়। গাজার স্বাস্থ্য কর্মকর্তা নিদাল ঘোনেইম এক সংবাদ সম্মেলনে জানান, শুধু অক্টোবর মাসেই উপত্যকাটিতে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ২৭২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। স্বাভাবিক সময়ে মাসে এ রোগে আক্রান্তের সংখ্যা থাকে ৩০ থেকে ৫০। অর্থাৎ এক মাসে সংক্রমণ স্বাভাবিকের তুলনায় আট গুণেরও বেশি বেড়েছে।
ঘোনেইম বলেন, ‘চলতি বছরের শুরু থেকে মেনিনজাইটিসে ১৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।’ রোগটির বিস্তার গাজার হাজারো মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে বলে সতর্ক করেন তিনি। বিশেষ করে শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।
শিশুরা বেশি ঝুঁকিতে
জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর (ওসিএইচএ) এর আগে জানিয়েছিল, ২৭ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ৪১৩টি সন্দেহভাজন ঘটনা পাওয়া গেছে। এর মধ্যে ২৯৪টি ভাইরাসজনিত এবং ১১৯টি ব্যাকটেরিয়াজনিত। এসব আক্রান্তের ৬৮ শতাংশই গাজা সিটিতে।
গাদাগাদি করে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে বসবাস, অনিরাপদ পানি, পয়োনিষ্কাশন ব্যবস্থার ক্ষতি এবং স্বাস্থ্যব্যবস্থার ভেঙে পড়ার কারণে সংক্রামক রোগের ঝুঁকি আরো বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সেপ্টেম্বরে জানায়, পরীক্ষায় দেখা গেছে, গাজার পানির নমুনায় জীবাণুর দূষণ জানুয়ারিতে ৬ শতাংশের কম থাকলেও আগস্টে তা বেড়ে প্রায় ২০ শতাংশে পৌঁছেছে।
যুদ্ধের ধ্বংসস্তূপে বাড়ছে রোগের ঝুঁকি
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন।
যুদ্ধে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত পরিবারগুলো এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে। এর মধ্যে প্রতিকূল আবহাওয়াও তাদের দুর্ভোগ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব রোগের বিস্তারকে আরো বিপজ্জনক করে তুলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









