চাটমোহর থানা
চাটমোহর থানা। নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সাথে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক সোহরাব আলী (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের যাত্রী আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চাটমোহর-জোনাইল সড়কের ধরইল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সোহরাব উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল স্কুলপাড়ার শুকুর আলীর ছেলে। আহত যাত্রী পান্না খাতুন ওরফে পনো (৪৫) একই ইউনিয়নের পুরান শোয়াইল গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোভ্যানচালক সোহরাব যাত্রী নিয়ে চাটমোহর থেকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানসহ চালক ও যাত্রী সড়কের পাশের খালে পড়ে যান। ঘটনাস্থলেই অটোভ্যানচালক সোহরাবের মৃত্যু হয়। আহত পনোকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

চাটমোহর থানার ওসি অলিউর রহমান দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।