ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত। নয়া দিগন্ত
ads

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাইয়ের নাম দেলোয়ার হোসেন (৬৭) ও অভিযুক্ত ছোট ভাইয়ের নাম নবিরুল ইসলামের (৫৫)। তারা কোতোয়ালীবাগ গ্রামের মরহুম জামতুল্লাহ মন্ডলের ছেলে।

পাঁচবিবি থানার পুলিশ ও এলাকাবাসী জানান, দেলোয়ার হোসেনের সাথে আপন ছোট ভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘাতককে আটক করে এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।