মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাবঞ্চিত রোগীরা

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। রোগীদের অভিযোগ, অনেক চিকিৎসক সকাল ৮টার পরিবর্তে দেরিতে হাসপাতালে আসেন। আবার কেউ কেউ কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই ব্যক্তিগত চেম্বারে চলে যান। ফলে দূর-দূরান্ত থেকে আসা  রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিংবা সেবা পেতে তাদের অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
গত শনিবার ও রোববার সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসকের আসার অপেক্ষায় দীর্ঘ সারিবদ্ধ হয়ে রোগীরা বসে আছেন। ছেংগারচর থেকে আসা কামরুন্নাহার ও ববিতা আক্তার জানান, সকাল থেকে বসে আছি। চিকিৎসক এখনো আসেনি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। ষাটনল  থেকে আসা শাহিন আলম বলেন, দূর  থেকে এসে চিকিৎসকের জন্য অপেক্ষা করা রোগীদের দুর্ভোগ শুধু বাড়িয়েই তুলছে।
চিকিৎসক সঙ্কটের পাশাপাশি হাসপাতালের ডায়াগনস্টিক সেবাও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, প্যাথলজি বিভাগ কয়েক দিন ধরে কার্যত বন্ধ রয়েছে। নষ্ট হয়ে আছে আল্ট্রাসনোগ্রাফি  মেশিন। কয়েক বছর ধরে বন্ধ এক্স-রে  সেবা। নেই সিজারিয়ান অপারেশনের সুবিধাও। ফলে প্রয়োজনীয় পরীক্ষা করাতে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেই যেতে হয়।
স্থানীয়দের ভাষ্য, প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু প্রয়োজনীয় সেবা সচল না থাকায় দরিদ্র ও নিম্নআয়ের রোগীদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। গাইনি চিকিৎসক ডেপুটেশনে ঢাকায় থাকেন। এ কারণে নারী ও প্রসূতি রোগীদের চিকিৎসাসেবায়ও সঙ্কট রয়েছে। ওষুধের সঙ্কটের কথাও জানান রোগীরা। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাস বলেন, চিকিৎসকদের নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে। কেউ সময়মতো উপস্থিত না থাকলে বা দায়িত্বে অবহেলা করলে বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের সেবাসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।