২ গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করলেন তেল পাম্প মালিক

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের সুযোগে পাম্প বন্ধ রেখে কৃত্রিম সঙ্কট তৈরি এবং আগের দামে তেল চাওয়ায় গ্রাহকদের পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক পাম্প মালিকের বিরুদ্ধে। নীলফামারীর ডিমলায় মেসার্স আলম ফিলিং সেন্টারের মালিকের লোহার অ্যাঙ্গেলের আঘাতে দু’জন আহত হয়েছেন। গুরুতর আহত মাহবুবুর রহমান (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এর জেরে চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাম্পটির তেল বিক্রি ও যাবতীয় কার্যক্রম স্থগিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন মূল্য কার্যকরকে কেন্দ্র করে রাতে যানবাহনের দীর্ঘ সারি জমে যায়। অভিযোগ ওঠে, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই পাম্প বন্ধ করে দেয়। রাত ১২টার পর নতুন দামে বিক্রি শুরু করলে দীর্ঘক্ষণ অপেক্ষমাণ গ্রাহকেরা প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে পাম্প মালিক মো: শাহ আলম ভারী লোহার অ্যাঙ্গেল দিয়ে অতর্কিত হামলা চালান।
অভিযোগ অস্বীকার করে পাম্প মালিক শাহ আলম দাবি করেন, বিদ্যুৎ-ত্রুটির কারণে তেল বিক্রি বন্ধ ছিল এবং গ্রাহকেরাই আগে হামলা চালিয়েছেন। ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনায় জড়িত পাম্পের লাইসেন্স বাতিল ও মালিকের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।