
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীর দু’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সঙ্কট দেখা দিয়েছে। কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চবিদ্যালয় ও কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অনুমোদিত ৩৪টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৫ জন। শূন্য রয়েছে ১৯টি পদ। প্রায় ৮০০ শিক্ষার্থীর পাঠদান এ সঙ্কটে ব্যাহত হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস নেয়াও সম্ভব হচ্ছে না বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৫৬ জন ছাত্রী রয়েছে। বিদ্যালয়টিতে অনুমোদিত ১৭টি শিক্ষক পদের মধ্যে প্রধান শিক্ষকসহ ১১টি পদ দীর্ঘ দিন ধরে শূন্য। চারটি কর্মচারী পদের সবকটি খালি। শিক্ষক সঙ্কট মোকাবেলায় বর্তমানে দু’জন অতিথি শিক্ষক দিয়ে কোনোভাবে পাঠদান চালিয়ে নেয়া হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন হাওলাদার বলেন, শিক্ষক সঙ্কটের কারণে পাঠদান স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। অতিথি শিক্ষক দিয়ে আপাতত কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে।
অন্য দিকে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৩৩৫ জন শিক্ষার্থীর বিপরীতে অনুমোদিত ১৭টি শিক্ষক পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র চারজন। দীর্ঘ দিন ধরে স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় দাফতরিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার বলেন, ‘শিক্ষক সঙ্কটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা যাচ্ছে না।’
আরেক অভিভাবক সানজিদা রেশমা বলেন, ‘শিক্ষকদের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। না হলে সন্তানদের শিক্ষাজীবন নিয়ে অভিভাবকদের উদ্বেগ আরো বাড়বে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান শিক্ষক সঙ্কটের বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি জানিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক জাহাঙ্গীর হোসাইন বলেন, দ্রুত সঙ্কট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।







