রাসিক প্রশাসক
ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ। নয়া দিগন্ত

রাজশাহী মহানগরীর নাগরিক সুবিধা সম্প্রসারণ ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি খাস সম্পত্তি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অনুকূলে বরাদ্দ ও হস্তান্তরের বিষয়ে ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

Advertisement

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় মহানগরীর নাগরিক চাহিদা পূরণে সরকারি খাস সম্পত্তি বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন রাসিক প্রশাসক। এ বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠ, ফুটসাল, ইনডোর স্টেডিয়াম, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, ওয়ার্ড কার্যালয়, কমিউনিটি সেন্টার, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), নগরবনায়ন, হকার পুনর্বাসনকেন্দ্র, কাঁচাবাজার, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন, কবরস্থান, ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য সরকারি খাস সম্পত্তি বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, এসব নাগরিক সুবিধা সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে সরকারি খাস সম্পত্তি রাসিকের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তর করা হলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে। এর মাধ্যমে মহানগরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এ বিষয়ে ভূমিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।