
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গাপূজা উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়ন সদরের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আনসার ও ভিডিপির সহকারী পরিচালক পুলক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের স্বেচ্ছাসেবক নিয়োগ করে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে।
লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্টরা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপনে আপনাদের সহযোগিতা চাই।’
সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বিজিবির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








