নিহত যুবক সাদিক আহমদ
নিহত যুবক সাদিক আহমদ নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গরুর সাথে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গরুটিও মারা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদিক আহমদ মোটরসাইকেলে করে তালিমপুর গ্রামে তার বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে হঠাৎ সড়কে থাকা একটি গরুর সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় গরুটিও মারা যায়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, সড়কে গরুর সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।