
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি বালুভর্তি স্টিলবডি ডুবিয়ে দেয়া এবং চারজনকে আটক করা হয়েছে। এছাড়া একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি জিরো পয়েন্ট, নতুন ভাঙা হাওর, বাদেভাশা বাজার, মনরতল বাজার ও গোরাগ্রাম সংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া হোসেন।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একইসাথে বালুভর্তি একটি স্টিলবডি ডুবিয়ে দেয়া হয়। এ সময় চারজনকে আটক করা হয় এবং একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।







