সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে রামগড়ে যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে
উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন নয়া দিগন্ত

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য তৈরির চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দল।  

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে রামগড় শহরে উপজেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মো: শাহ আলম বাদশা ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশে বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য তৈরির চেষ্টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দেন। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা এবং পৌর যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন।