
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসেন।
এর আগে, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন ব্যারিস্টার ফুয়াদ। তার এ বক্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে বিবেচনায় নিয়ে তাকে তলব করা হয়। একইসাথে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করেন। একইসাথে বুধবার (৪ নভেম্বর) সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়।
তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে তিনি হাজির হতে পারেননি। ওই দিন তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান সময়ের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সোমবার (২৩ নভেম্বর) পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। আজ নির্ধারিত দিনে হাজির হয়ে নিজের বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেবেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









