
মানিকগঞ্জের সাটুরিয়ায় রাতের আঁধারে ঝটিকা মিছিল ও বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম, যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন এবং তিল্লি ইউনিয়ন যুবলীগের কর্মী মো: রফিক মিয়া।
সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, তিন দিন আগে রাতে সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এর কিছুক্ষণ পর সাটুরিয়া ডাক-বাংলোর সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই মিছিল ও বিস্ফোরণের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
পুলিশের ধারণা, এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা থেকেই নেতাকর্মীরা এসব অপতৎপরতা চালাচ্ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সাটুরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এবং অন্য দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, মিছিল ও বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।







