দানবাক্স, শাহজালালের মাজার
হজরত শাহজালাল রহ.-এর মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেগগুলোতে দান করা অর্থ গণনা চলছে। নয়া দিগন্ত

সিলেটে হজরত শাহজালাল রহ.-এর মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেগগুলোতে দান করা অর্থ গণনা শুরু হয়েছে। দরগাহের প্রায় সাড়ে ৭০০ বছরের ইতিহাসে এ নিয়ে চতুর্থবার প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হচ্ছে।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাজারের দানবাক্স ও ডেগ খোলা হয় এবং টাকা ও অন্যান্য জিনিসপত্র গণনা শুরু হয়। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এ গণনা চলছে। এতে মাদরাসাশিক্ষার্থী, মাজার কমিটির সদস্য ও জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নিয়েছেন।

চতুর্থবারের মতো অর্থ গণনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

গত ১৫ আগস্ট সর্বশেষ দানবাক্স বাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। সে সময় বিভিন্ন দেশের মুদ্রা ছাড়াও সোনা ও রুপার গহনাও পাওয়া যায়।

এর আগে প্রথমে ২২ জুন ও পরে ১১ জুলাই দ্বিতীয় দফায় প্রকাশ্যে টাকা গণনা করা হয়।

তিন দফা টাকা গণনায় মোট ১ কোটি ৩৫ লাখ টাকা পাওয়া যায়।