জামায়াত
হুইল চেয়ার বিতরণ করছেন মাওলানা রফিকুল ইসলাম খান। নয়া দিগন্ত
ads

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদেরই সন্তান। তাদের অবহেলা বা করুণার চোখে না দেখে ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার সাথে পাশে দাঁড়াতে হবে। তাদের প্রতিভা বিকাশ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়া আমাদের সবার দায়িত্ব।

সোমবার (২৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এবিসি মাঠে দোস্ত এইড সোসাইটির উদ্যোগে আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

রফিকুল ইসলাম খান বলেন, ‘সমাজের অবিচ্ছেদ্য অংশ প্রতিবন্ধী ব্যক্তিরা। তাদের যথাযথ সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক কর্তব্যও।’ 

এ সময় তিনি উল্লাপাড়াসহ দেশের অন্যান্য এলাকায় দোস্ত এইড সোসাইটির মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৫০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে দোস্ত এইড সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী বলেন, ‘দোস্ত এইড একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান। এটি কোনো ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান নয়। আমরা বিনামূল্যে টিউবওয়েল, ঈদসামগ্রী, হুইলচেয়ার ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে থাকি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, সংস্থার অঞ্চলপ্রধান আবুল কায়েস, ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদ, ব্যবসায়ী আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।