
বহু বছর ধরে ধর্মের বিচারে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিষ্টান সম্প্রদায়ের। তবে, ২০৩৫ সালের মধ্যেই এ চিত্রে পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নয় বছরের মধ্যে বিশ্বে জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে শীর্ষে যাবেন মুসলমানরা।
সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণায় এ পূর্বাভাস উঠে এসেছে।
এতে বলা হয়েছে, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা হতে পারে ৩৬০ কোটির বেশি, আর খ্রিষ্টান জনগোষ্ঠীর আকার হতে পারে ৩০০ কোটির কিছু কম।
গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।
রিপোর্টে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসবে পাকিস্তান।
২০৭০ সালে পাকিস্তানের মুসলিমদের সংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। এ সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে পৌঁছাতে পারে।
এ সময়ে চতুর্থ অবস্থানে থাকতে পারে ইন্দোনেশিয়া আর পঞ্চম অবস্থানে বাংলাদেশ।
২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৫৩টি।
গবেষণা অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ আইভরি কোস্ট নতুন করে যুক্ত হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা দাঁড়াবে ৫৪টিতে দাঁড়াবে।
২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র সাতটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে— পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান এবং তুরস্ক।
গবেষণা পূর্বাভাসে বলা হয়েছে, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা বাড়বে দ্রুত। এবং ২০৪০ সালের মধ্যে তারা ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









