
চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে এক হাজার ২৬০ বস্তা (৬৩ টন) সিমেন্টসহ দু’টি বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর ৩টায় বাঁশখালী উপজেলার বাংলাবাজার ঘাট-সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা (সাড়ে ২৫ টন) সিমেন্ট পাওয়া যায়। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় পতেঙ্গা কোস্টগার্ড আউটপোস্ট বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকার ৭৫০ বস্তা (সাড়ে ৩৭ টন) সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।







