আনোয়ারায় মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরওয়ার জামাল নিজাম এমপি
মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরওয়ার জামাল নিজাম এমপি ছবি: নয়া দিগন্ত

 চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বরুমচড়া ইউনিয়নের জনসাধারণ ও আনোয়ারা থানা পুলিশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজাম বলেন, ‘মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।’

তিনি বলেন, প্রতিটি নির্বাচনে বরুমচড়াবাসী তাঁকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এ জন্য তিনি এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতীতের মতো ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার তাগিদ দিয়ে সরওয়ার জামাল নিজাম বলেন, মাদক সেবনের কারণে যুবসমাজ পরিবারকে সম্মান করছে না, পড়াশোনা বিসর্জন দিচ্ছে এবং নিজেদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবকরাই দেশের আগামীর সম্পদ। তারা ধ্বংস হয়ে গেলে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে না। তাই যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে।

তিনি মাদকসেবী, মাদক কারবারি ও তাঁদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিএনপি নেতা ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে এবং আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নুরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুনায়েত চৌধুরী ও আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী।

ওসি মোহাম্মদ জুনায়েত চৌধুরী বলেন, মাদকের কারণে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক মামলার আসামিদের ছাড়াতে কেউ সুপারিশ করবেন না।

আনোয়ারাকে মাদকমুক্ত করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করে তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান, র‌্যালি ও সমাবেশ অব্যাহত থাকবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে ওসি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সবাইকে পুলিশকে সহযোগিতা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ধর্মীয় ইস্যুতে যে কোনো ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথির একান্ত সচিব আক্তারুন্নবী চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ এরফান, মোহাম্মদ আনিছুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ লোকমান উদ্দীন, মোহাম্মদ অহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন জুয়েল, জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ শিবলী নোমানী, শফিক আহমদ চৌধুরী, ফারুক, মোহাম্মদ মুস্তাক, মোহাম্মদ সরওয়ার আলম ও চেয়ারম্যান প্রার্থী হাফেজ মনির উদ্দিন ফারুকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশের আগে এলাকায় বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতারা অংশ নেন।