ভবন ধসের ফলে ক্ষতিগ্রস্ত একটি যানবাহন
ভবনধসের ফলে ক্ষতিগ্রস্ত একটি যানবাহন। সংগৃহীত ছবি

পানামার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার ভূমিকম্পটি আঘাত হানে।

Advertisement

এর আগে প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৬ বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পিতালোজা আরিবার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ১২ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ১২ দশমিক ৬ কিলোমিটার।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে পেনোনোমে ও সোনা শহরে ভবন ধসে পড়তে দেখা গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা, পরামর্শবার্তা বা ঝুঁকির ঘোষণা দেয়া হয়নি।

পানামায় অবস্থিত মার্কিন দূতাবাস ওই এলাকায় অবস্থানরত আমেরিকানদের ক্ষতিগ্রস্ত ভবন এড়িয়ে চলতে এবং সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় জরুরি সম্প্রচার ও সরকারি নির্দেশনার ওপর নজর রাখতে আহ্বান জানিয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি, বিবিসি