
জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পচা ও বাসি গোশত সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভার জোনাইল বাজারে অভিযান চালিয়ে তার দোকানের ফ্রিজ থেকে প্রায় এক মণ (৪০ কেজি) দুর্গন্ধযুক্ত গোশত জব্দ করা হয়। পরে জব্দ করা গোশত জনসম্মুখে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীর দোকানে থাকা গোশত দেখে সন্দেহ হলে ফ্রিজে তল্লাশি চালানো হয়। সেখানে পচা ও বাসি গোশত পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব গোশত তাজা গোশতের সাথে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল।
এ ঘটনায় পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘দোকানে থাকা গোশত দেখে সন্দেহ হলে ফ্রিজে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পচা গোশত উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।







