অভিযুক্ত
বাগাতিপাড়ায় ‘কালো জাদু’র ভয় দেখানো অভিযুক্ত ব্যক্তি ছবি: নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় কালো জাদুর ভয় দেখিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামের বাসিন্দা আকছেদ আলী অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তিকে অভিযুক্ত করে বাগাতিপাড়া মডেল থানায় এই অভিযোগ করেন।

এ সময় অভিযোগের সাথে ঘটনার দিনে মোবাইলে ধারণ করা একটি ভিডিও থানায় দেয়া হয়, যাতে অভিযুক্তদের মুখমণ্ডলসহ চেহারা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে মাহফিলের কথা বলে টাকা দাবি করেন। এ সময় তার অসুস্থ ছেলে সিহাব আলী (২২) তাদের ২০ টাকা দিলে তারা এক গ্লাস পানি খেতে চান। পরে পানি না দিলে সিহাবকে তার মাকে ডাকতে বলেন। তার মা বাইরে এলে ওই দুই ব্যক্তি তার ছেলেকে দেখিয়ে ‘কালো জাদু’ করার কথা বলেন। এরপর ওই নারী কান্না শুরু করলে অভিযুক্তরা সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন। 

একপর্যায়ে তারা এক গ্লাস পানি নিয়ে আসতে বলেন। পানি নিয়ে আসলে পানিতে বিভিন্ন কায়দায় ফু-টু দিয়ে তা পান করতে বলেন এবং বলেন এই পানির মধ্যে বাড়িতে থাকা স্বর্ণালংকার চুবিয়ে জাদুর প্রভাবমুক্ত করতে হবে। তখন আকছেদের স্ত্রী স্বর্ণের আংটি, চেইন ও কানের দুল নিয়ে এসে তাদের কাছে দেন, যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। 

তারপর অভিযুক্তরা ছেলেকে বাইরে থেকে একটি খেজুরের কাঁটা নিয়ে আসতে বলেন। ছেলে কাঁটা আনতে গেলে তারা তার স্ত্রীকে ভেলকি লাগিয়ে স্বর্ণালংকার নিয়ে চলে যান। পরে বিষয়টি জানার পর স্বর্ণালংকারগুলো খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আকছেদ আলী জানান, ঘটনার সাক্ষ্য হিসেবে অভিযুক্তদের ছবি ও ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে এবং বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, ‘অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’