
শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন এ দেশের ইসলামী আন্দোলনের এক নির্ভীক সিপাহসালার ও সৎ নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তার জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ১১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা উঠে এসেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাখা সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি কবিরুল ইসলাম রাজুর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, ‘শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন এ দেশের ইসলামী আন্দোলনের এক নির্ভীক সিপাহসালার ও সৎ নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি সততা ও নিষ্ঠার যে নজির স্থাপন করেছেন, তা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হলেও তার আদর্শ ও ত্যাগের চেতনা এ দেশের তরুণ প্রজন্মের হৃদয়ে চিরজাগরূক থাকবে।’
অনুষ্ঠানে বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট লেখক আলী আহমাদ মাবরুর। তিনি বলেন, ‘আব্বা তার পুরো জীবন ইসলাম ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন। অন্যায়ের কাছে কখনো মাথানত করেননি বলেই তাকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। আব্বা তার ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত ছিলেন। আব্বার মতো যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য শুধু দোয়ায় নয়, বরং বাস্তব জীবনে তাদেরকে ধারণ করাই হবে শহীদকে স্মরণ রাখার মাধ্যম।’
সভাপতির বক্তব্যে শাখা সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী বলেন, ‘শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম আমাদের পথ দেখায়। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে নৈতিক ও আদর্শিক মানদণ্ডে নিজেদের গড়ে তুলতে হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
আলোচনা শেষে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সকল শহীদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলী আহমাদ মাবরুর।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পশ্চিম শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









