
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড) বৃত্তি পাচ্ছেন। শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
উচ্চশিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ
গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিশ্ববিদ্যালয় দুটি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
মেধাবীদের জন্য বৈশ্বিক সুযোগ
ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টি। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের নতুন সুযোগ তৈরি হবে।
যেসব বিষয়ে যৌথ কার্যক্রম পরিচালিত হবে
সমঝোতা অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, তথ্যপ্রযুক্তি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার নিরাপত্তা, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ ৮ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








